অনির্দিষ্টকালের জন্য কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল বন্ধ

পরিবহন মালিকদের দ্বন্দ্বের জেরে কিশোরগঞ্জ থেকে ঢাকার মহাখালী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি।

রবিবার (২৫ অক্টোবর) সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে পূজার ছুটি শেষে কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরতে গিয়ে বিপাকে পড়েছেন চাকরিজীবী ও শিক্ষার্থীরা।

কিশোরগঞ্জ শহরের গাইটাল আন্তজেলা বাস টার্মিনাল থেকে ঢাকার মহাখালী রুটে অনন্যা সুপার, অনন্যা ক্লাসিক, জলসিঁড়ি পরিবহন ও উজান-ভাটি পরিবহনের বাস চলাচল করে।

কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক আনিসুজ্জামান বাবুল বলেন, “মহাখালী এলাকার পরিবহন মালিকদের সঙ্গে দীর্ঘদিন ধরে নানা বিষয়ে বিরোধ চলছে। এর মধ্যে পুরোনো বাস সরবরাহ এবং কাউন্টার বন্ধ করে দেওয়ার বিষয়টি নিয়ে সমস্যা আরও বেড়েছে। বিভিন্ন লোকের মাধ্যমে তারা পুরোনো গাড়ি দিতে চান। অথচ কিশোরগঞ্জের অন্যান্য পরিবহনে নতুন গাড়ি চলছে। পুরোনো গাড়ি নিতে রাজি না হওয়ায় তারা কাউন্টার বন্ধ করে দেন। কথায় কথায় কাউন্টার বন্ধ করে দেওয়ার কারণে আমরা সমস্যায় পড়ছি। আমরা এই সমস্যার সমাধান চাই। এ কারণে বাস চলাচল বন্ধ রেখেছি।”

তিনি জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্থানীয় সংসদ সদস্যকেও অবহিত করা হয়েছে। সমস্যা সমাধানে রোববার দুপুর ১টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের আলোচনার জন্য ডাকা হয়েছে।

এ বিষয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরীন বলেন, “বাস চলাচল বন্ধের বিষয়টি সমাধানের জন্য দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সঙ্গে আলোচনায় বসবে জেলা প্রশাসন।”

তবে বাস চলাচল বন্ধের বিষয়ে ঢাকার পরিবহন মালিকদের বক্তব্য জানা যায়নি।