ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে গুরুতর আহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী মুনিরা আক্তার মারা গেছেন।
শনিবার (২৪ অক্টোবর) রাতে ঢাকার বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মুনিরা বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খাইরুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে দুজন নিহত ও অন্তত ১৫ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে ছিলেন মুনিরাও। দিনাজপুর থেকে ক্যাম্পাসে ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর আহত হন মুনিরা। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুনায়েদ জানান, শনিবার সকাল ৭টার দিকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মুনিরা। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মুনিরার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. খাইরুল ইসলাম। তিনি বলেন, “ঘটনাটি জানার পর থেকেই আমি জুনায়েদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি। তাৎক্ষণিকভাবে পুরকৌশল বিভাগের শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা হাসপাতালে যান। সেখানে বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. মো. জহির বিন আলমও উপস্থিত ছিলেন। শুরু থেকেই মুনিরার চিকিৎসার যাবতীয় ব্যয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করেছে।”