যশোরের মণিরামপুরে মোটরসাইকেলে পিকআপের ধাক্কায় মা ও শিশুসন্তান নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন পিতা। এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
রবিবার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কের দোঁদাড়িয়া মোড়ে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার রাজগঞ্জের হানুয়ার মানিকগঞ্জ গ্রামের ওমর ফারুকের স্ত্রী মৌসুমী (৩২) ও শিশু সন্তান আবদুর রহমান (৪)। এ ঘটনায় আহত হয়ে ওমর ফারুক যশোর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, রবিবার রাতে দোঁদাড়িয়া মোড়ে ওমর ফারুক মোটরসাইকেলে করে স্ত্রী ও সন্তানকে নিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে মোটরসাইকেলে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তারা। ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন। আহত ওমর ফারুককে যশোরের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর পিকআপ নিয়ে চালক পালিয়ে গেছেন।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পিকআপের চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন।