নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতের কবলে পড়েছেন আলোচিত-সমালোচিত ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানি।
রবিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে কুমিল্লা থেকে ফেরার পথে এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় তিনি ডাকাতের কবলে পড়েন। এ সময় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফেসবুক লাইভে এসে সহযোগিতা চান তিনি। তবে তার গাড়ি থেকে কোনো কিছু খোয়া যায়নি।
রফিকুল ইসলাম মাদানি ফেসবুক লাইভে জানান, কুমিল্লায় ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে পাকুন্ডা এলাকায় পৌঁছে সড়কে ডাকাতি হতে দেখেন। ডাকাতরা সড়কে বড় বড় পাথর ফেলে যানবাহনের গতিরোধ করছিল। তাদের হাতে ছিল রামদা।
তিনি আরও জানান, তার গাড়িটি ডাকাতদের কিছুটা দূরে থাকায় চালক দ্রুত গাড়ি ঘুরিয়ে নেন। এতে তারা ডাকাতদের কবল থেকে রক্ষা পান। তবে এ সময় অন্য একটি গাড়ির চালকের কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।