ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে বাড়িতে হামলা ভাংচুর লুট

সামাজিক যোগাযোগমাধ্যম ধর্ম অবমাননা করে ভিডিও পোস্ট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে রংপুরের পীরগঞ্জে তিনটি হিন্দু পরিবারের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, লুট করা হয়েছে আসবাবপত্র ও তিনটি ছাগল। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে শতাধিক দাঙ্গা পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে সৌরভ চন্দ্র মোহন্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রংপুরের পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার (২৬ অক্টোবর) সন্ধায় পীরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চক করিম তেলিপাড়া গ্রামের বাসিন্দা সৌরভ চন্দ্র মহন্তের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম অবমানান করে ভিডিও পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে। সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়। এক পর্যায়ে রাত ৮টার দিকে বিক্ষুব্ধ জনতা সৌরভ চন্দ্র মোহন্তসহ তার পরিবারের ৩টি বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্রসহ মালামাল ভাংচুর করে। এ সময় হামলাকারীরা ৩টি ছাগল লুট করে নিয়ে যায় বলে ভুক্তভোগীদের অভিযোগ।

সৌরভ চন্দ্রের বাবা বিশু চন্দ্র মোহন্ত জানান, তার ছেলে ফেসবুকে কি লিখেছে তিনি তা জানেন না। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের বাড়িসহ ৩টি বাড়িতে হামলা, আসবাবপত্রসহ মালামাল ভাংচুর ও লুটপাটকারীদের শাস্তি চান তিনি।

ক্ষতিগ্রস্থ মনিবালা মোহন্ত জানান, তার বাড়িঘর ভেঙে মালামাল লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোজাম্মেল হক, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারীসহ অনেকেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে শতাধিক পুলিশ সদস্য।

পুলিশ সুপার জানান, অপরাধি যারাই হোক, সকলকে আইনের আওতায় অনা হবে। হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

পীরগঞ্জ থানার ওসি নজমুল হক মঙ্গলবার সকালে জানান, ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে সৌরভ চন্দ্র মোহন্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।