হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু 

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ২৯৫ জন। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানা যায়, এ নিয়ে চলতি বছরে সংক্রামক ব্যাধি হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৪০ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন এবং হামের উপসর্গে ১ হাজার ১৩৫ জন। 

এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯৯ হাজার ১২৭ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৯১ হাজার ৯০ জন।