অসুস্থ বাবার ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগ ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা হাফেজ কারি জুবায়ের আহমাদ তাশরীফ। ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি লিখেছেন, ‘এমন জালিম বাবা যেন পৃথিবীর কারও ভাগ্যে না জোটে।’
মঙ্গলবার (২৭ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে বাবার বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন তাশরীফ। বেলা ১১টার দিকে প্রকাশিত ওই ভিডিওতে তিনি নিজের মাকেও হাজির করেন। ভিডিওতে তাশরীফের মা দাবি করেন, তার স্বামী মাওলানা মো. হেদায়েতুল্লাহ জীবনে ১৭ থেকে ১৮টি বিয়ে করেছেন।
ছেলের বিরুদ্ধে ওঠা ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে তাশরীফের মা বলেন, ছেলে নিয়মিতই বাবাকে প্রতি মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা দিতেন। তবে সম্প্রতি কোনো একটি কারণে টাকা দেওয়া বন্ধ রাখার পরই তার বাবা ছেলের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তুলছেন। তিনি আরও অভিযোগ করেন, তার স্বামী চান না ছেলে জীবনে অনেক দূর এগিয়ে যাক এবং তিনি অন্যের প্ররোচনায় চলেন।
উল্লেখ্য, এর আগে টঙ্গীর একটি মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সেই শিক্ষকের পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন জুবায়ের আহমাদ তাশরীফ।