মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া এগিয়ে চলছে। সব আনুষ্ঠানিকতা শেষ হলে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে দেশটিতে কর্মী পাঠানো শুরু হতে পারে বলে জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর।
জানা গেছে, প্রথমে সরকারি জনশক্তি প্রেরণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কর্মী পাঠানো হবে। এরপর পর্যায়ক্রমে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমে কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উইটনেস ফাউন্ডেশন আয়োজিত অনিয়মিত ঝুঁকিপূর্ণ অভিবাসন প্রতিরোধ এবং সাব-এজেন্টের জবাবদিহি নিশ্চিতকরণ শীর্ষক অভিবাসন সংলাপে এ কথা বলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর।
তিনি বলেন, ‘‘প্রাথমিক পর্যায়ে সরকারি জনশক্তি প্রেরণকারী প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানোর পরিকল্পনা নেয়া হয়েছে। এ পর্যায়ে ১০ হাজার কর্মী পাঠানোর কথা বিবেচনায় রয়েছে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমেও কর্মী পাঠানোর উদ্যোগ নেয়া হবে।’’
প্রতিমন্ত্রী জানান, প্রক্রিয়ার অংশ হিসেবে ৩১ অক্টোবরের মধ্যে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা প্রকাশ করা হতে পারে। এরপর ১ নভেম্বর থেকে তালিকাভুক্ত কেন্দ্রগুলোতে কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম চালু হলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নভেম্বরের প্রথম সপ্তাহে কর্মীদের মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হতে পারে।
কর্মী পাঠানোর প্রক্রিয়ায় নিয়োগকর্তাদের চাহিদাপত্র যাচাই ও সত্যায়নের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। মালয়েশিয়ার কর্তৃপক্ষ দেশটিতে কর্মী নিয়োগের জন্য ৩৩৮টি বড় আকারের লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দিয়েছে। এসব নিয়োগকর্তার চাহিদাপত্র মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস) এবং বাংলাদেশ দূতাবাসের সার্ভিস সেন্টারে জমা দেয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশ দূতাবাসের সত্যায়ন ছাড়া কোনো চাহিদাপত্র গ্রহণ করা হবে না।
প্রথম পর্যায়ে বোয়েসেলের মাধ্যমে ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা থাকলেও তাদের বিদেশযাত্রা সম্পূর্ণ বিনা খরচে হবে না। বিমান ভাড়া, মেডিকেল পরীক্ষা ও সার্ভিস চার্জসহ একজন কর্মীর মোট ব্যয় ১ লাখ ৫৫ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকার মধ্যে হতে পারে বলে জানা গেছে।