খুলনায় দিবালোকে রেস্টুরেন্টে কিশোরদের হামলা-ভাঙচুর, তদন্তে পুলিশ

খুলনার ব্যস্ততম সড়ক আহসান আহমেদ রোডের চাইনিজ প্যালেস রেস্টুরেন্টে দিনদুপুরে অতর্কিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে একদল কিশোর রেস্টুরেন্টে ঢুকে গালিগালাজ ও ভাঙচুর চালিয়ে চলে যায়।

রেস্টুরেন্টের কর্মীরা জানান, কিশোরেরা হঠাৎ এসে গালিগালাজ শুরু করে। কারণ জানতে চাইলে তারা চেয়ার তুলে হামলা ও ভাঙচুর করে। তারা খাবার খায়নি, চাঁদাও চায়নি; গালিগালাজ ও ভাঙচুর করেই চলে যায়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, “ঘটনার পর পুলিশ রেস্টুরেন্ট পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের কাজ চলছে এবং ঘটনাটির তদন্ত করা হচ্ছে।“

এর আগে গত ২৪ অক্টোবর রাতে খুলনায় সন্ধানি ক্লিনিকের সামনে ফাঁকা গুলি ছোড়া হয় এবং ক্লিনিকের ভেতরে হামলা ও ভাঙচুর চালানো হয়।