কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত টাঙ্গাইলের নাগরপুরের দুই বোন মালিহা ও নাবিলার দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার বাউসাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়। নিহত মালিহা ও নাবিলা নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের বাউসাইদ গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মালিহা ও নাবিলার মৃত্যু হয়। দুই বোনের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
প্রিয় দুই সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। তাদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছানোর পর জানাজা ও দাফন সম্পন্ন হয়। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
মালিহা ও নাবিলার মর্মান্তিক মৃত্যুতে বাউসাইদ গ্রামসহ আশপাশের এলাকায় শোকের আবহ বিরাজ করছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আত্মীয়স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী।