পোশাকের ভেতরে ২৪ কোটি টাকার সোনার পেস্ট, বিমানবন্দরে আটক ২ নারী

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা দুই নারী যাত্রীর কাছ থেকে ১২ কেজি সোনার পেস্ট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। জব্দ করা সোনার আনুমানিক বাজারমূল্য ২৪ কোটি টাকা।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের ওই দুই যাত্রীকে আটক করা হয়। বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা কাস্টমস হাউস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চেন লিউন ও মো শিয়াও ইউ নামের দুই নারী যাত্রী ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে লাগেজ বেল্ট এলাকায় পৌঁছালে তাদের তল্লাশি করা হয়। এ সময় তাদের জিন্সের প্যান্ট ও অন্তর্বাসের ভেতরে কাপড় দিয়ে সেলাই করে লুকানো নরম হলুদ রঙের সোনার পেস্ট পাওয়া যায়।

পরে এসব সোনার পেস্ট জব্দ করা হয়। এর মোট ওজন ১২ কেজি। প্রাথমিক পরীক্ষায় জব্দ করা সোনার বিশুদ্ধতা ২৪ ক্যারেট বলে নিশ্চিত হওয়া গেছে। এর আনুমানিক বাজারমূল্য ২৪ কোটি টাকা বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

ঢাকা কাস্টমস হাউস আরও জানিয়েছে, জব্দ করা সোনা ও আটক দুই নারী যাত্রীর বিরুদ্ধে মামলার কার্যক্রম চলমান রয়েছে।