নওগাঁয় জাল নোটসহ আব্দুল জব্বার (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের ২৫টি জাল নোট উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চক বাড়িয়া দক্ষিণপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকায় রুহুল আমিনের বাসায় ভাড়া থাকতেন। রাত ১০টার দিকে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
পুলিশ জানায়, ওই বাসার এক ভাড়াটিয়া জাল নোট বাজারজাত করার উদ্দেশ্যে অবস্থান করছেন, এমন গোপন তথ্য পাওয়া যায়। এরপর পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়। অভিযানে উপস্থিত লোকজনের সামনে আব্দুল জব্বারের হেফাজত থেকে জাল নোটগুলো উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদে জাল নোটের কারবারের তথ্য পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে ২৫টি জাল নোটসহ আব্দুল জব্বারকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় নিয়মিত মামলা হয়েছে। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।