রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালি বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে সজোরে ধাক্কা দিলে এনামুল হক (২৭) নামে বাসের হেলপার ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী আহত হন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপার এনামুল হক রংপুর সদর উপজেলার পাগলাপীর এলাকার বাসিন্দা ছিলেন।
এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করলে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজার রহমান।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে এ আর ট্রাভেলস নামে যাত্রীবাহী বাস রংপুর থেকে তারাগঞ্জ উপজেলার ইকরচালি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ড্রাইভার বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি সড়কের রোড ডিভাইডারে সজোরে ধাক্কা খেয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার এনামুল হক নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোনাব্বর হোসেন ঘটনাস্থলে পৌঁছে হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দ্রুত আহত যাত্রীদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে। এ ব্যাপারে তারাগঞ্জ বালাবাড়ি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে তার মরদেহ তারাগঞ্জ বালাবাড়ি হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। ঘটনার পর থেকে ড্রাইভার পলাতক রয়েছে।