রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় দুই বাসের পাল্লাপাল্লিতে চাপা পড়ে মো. শহীদুল্লাহ (৩৭) নামে এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন। এ ঘটনায় রাইদা পরিবহনের একটি বাস জব্দ করেছে পুলিশ এবং বাসটির চালককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শহীদুল্লাহকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শহীদুল্লাহ ডেমরার নড়াইবাগ এলাকার বাসিন্দা।
শহীদুল্লাহর ছোট ভাই জুয়েল রানা জানান, তার বড় ভাই কুয়েত মৌসুমী ইন্ডাস্ট্রিজের ইলেকট্রিশিয়ান ছিলেন। শনিবার প্রতিষ্ঠানের কাজে চীন সফরে গিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেশে ফেরেন। দুপুরে বাসায় ফেরার পথে রামপুরা ব্রিজ এলাকায় একটি বাস থেকে নামার পর দুই বাসের পাল্লাপাল্লিতে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “রাইদা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। পরিবারের লিখিত আবেদনের পর আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রাতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”