রাঙামাটির কাপ্তাইয়ে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ কাজল (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে কাপ্তাই থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, গ্রেপ্তারকৃত মোহাম্মদ কাজল থানায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। ঘটনার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে বলেও জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মোহাম্মদ কাজলের গ্রামের বাড়ি বরিশালে। বিয়ের সূত্রে তিনি প্রায় ৩৫ বছর ধরে কাপ্তাইয়ের কর্ণফুলী সরকারি কলেজ এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন।
ঘটনার পর শিশুটির পরিবার অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছে। শিশুটির বাবা জানান, তার অবুঝ সন্তানের সঙ্গে এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার চান এবং অভিযুক্তের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবি জানান, যাতে ভবিষ্যতে আর কোনো শিশুকে এমন নির্মম ঘটনার শিকার হতে না হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। তারা বলছেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। অপরাধের সুষ্ঠু তদন্ত করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি এলাকায় শিশুদের নিরাপত্তা জোরদার এবং এ ধরনের অপরাধ ঠেকাতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবিও জানান তারা।