পোশাক শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, পুলিশ বক্সে আগুন

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরে আবারও বিক্ষোভ শুরু করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ আছে। 

রবিবার (১ নভেম্বর) সকাল ৮টার পর থেকেই শ্রমিকেরা মহাসড়কে জড়ো হতে থাকে। 

সকাল সাড়ে ৯টার দিকে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। কানাবাড়ীতে পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। 

শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার, চন্দ্রা পল্লী বিদ্যুৎ, মৌচাক ও তেলিচালা এলাকায় সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে। 

শত শত শ্রমিক লাঠিসোঁটা হাতে মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই পথে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকার করনী নিট কম্পোজিট ও নিট এশিয়াসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সফিপুর বাজার এলাকায় মহাসড়কে অবস্থান নেন। সকালে শ্রমিকেরা কারখানায় প্রবেশ করে হাজিরা নিশ্চিত করার পর বের হয়ে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের আন্দোলনের কারণে আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, “ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কোনাবাড়ী এলাকায় মহাসড়কের মাঝে থাকা পুলিশ বক্সে আগুন দিয়েছে বিক্ষোভকারী শ্রমিকেরা।”

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শহিদুল ইসলাম বলেন, “শ্রমিকরা রবিবার সকাল থেকেই মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।”