টাঙ্গাইলে ছয় বছরের শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত বিপ্লবকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে শহরের পার্ক বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, শনিবার (৩১ অক্টোবর) রাতে ওই শিশুর মা ধর্ষণ, হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে মামলা করেন। মামলার পর থেকেই পুলিশের একাধিক টিম অভিযুক্তকে গ্রেপ্তারে মাঠে নামে।
জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, “ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক ছিলেন। পুলিশ, ডিবি এবং এসআরবি গ্রেপ্তারে অভিযান চালায়। পরে থানা পুলিশের সোর্সের ভিত্তিতে দুপুর ১২টার দিকে শহরের পার্ক বাজার থেকে বিপ্লবকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।”
প্রসঙ্গত, শুক্রবার বিকেলে শহরের কেন্দ্রীয় কালীবাড়ি এলাকার একটি ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। এ সময় শিশু চিৎকার করলে ও বাধা দিলে অভিযুক্ত বিপ্লব ইট দিয়ে তার মুখ ও নাকে আঘাত করেন। এতে ওই শিশু গুরুতর আহত হয়।
পরে এক রিকশাচালক শিশুকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ওই শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, বিষয়টি জানার পর শনিবার গভীর রাতে হাসপাতালে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় শিশুর মা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দেন এবং চিকিৎসার সব ব্যয়ভার বহনের দায়িত্ব নেন।