ভারতের বিহার রাজ্যের সব সরকারি স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের জন্য জিন্স ও টি-শার্ট পরা নিষিদ্ধ করেছে রাজ্যের শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে স্কুল প্রাঙ্গণে ডিজে পার্টি, ডিসকো নাচ এবং ‘নিম্নমানের বা অশ্লীল’ যেকোনো ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজনের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হিন্দুস্থান টাইমসের একটি প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
শিক্ষা দপ্তর পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, প্রাতিষ্ঠানিক শিক্ষাবর্ষের ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত দিনগুলোতে কেবল নৃত্য ও সংগীতের মতো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা যাবে, তা-ও অত্যন্ত শৃঙ্খলা ও শালীনতার সীমা বজায় রেখে।
শুক্রবার (৩০ অক্টোবর) শিক্ষা অধিদপ্তরের পরিচালক বিজয় কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, "স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মীদের পাঠদান ও অফিস চলাকালে অবশ্যই মার্জিত ও আনুষ্ঠানিক পোশাকে (ফর্মাল ড্রেস) উপস্থিত হতে হবে। এই নির্দেশনার কঠোর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।"
স্কুল প্রাঙ্গণে ডিজে সাউন্ড সিস্টেম ও ডিসকো নাচের ওপর নিষেধাজ্ঞা দিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত দিনে কেবল সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ নাচ-গান পরিবেশনের অনুমতি থাকবে।”
পূর্বে জারি করা বিভিন্ন দিকনির্দেশনা না মেনে চলার ঘটনায় অসন্তোষ প্রকাশ করা হয়েছে এই প্রজ্ঞাপনে। শিক্ষা অধিদপ্তরের সরকারি নির্দেশনায় বলা হয়, কার্যালয়ের সংস্কৃতি পরিপন্থী ক্যাজুয়াল পোশাক (যেমন: জিন্স ও টি-শার্ট) পরে কর্মীদের আসার খবর পাওয়া গেছে। এ ছাড়া বিভিন্ন মাধ্যমে জানা গেছে, স্কুল প্রাঙ্গণে নাচ-গান, ডিজে সেটআপ, ডিসকো ও নিম্নমানের নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্কুল ক্যাম্পাসের ভেতরে এই ধরনের আচরণ শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।