তৈরি পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের সুযোগ নিয়ে একটি মহল শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শ্রমিক আন্দোলনের ভেতরে অনুপ্রবেশ করে নিষিদ্ধ রাজনৈতিক দল বা পলাতক অপশক্তির নাশকতা ও অস্থিরতা তৈরির কোনো পরিকল্পনা সফল হতে দেওয়া হবে না।
সোমবার (২ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
ফেসবুক পোস্টে মাহদী আমিন জানান, সরকার যখন গঠনমূলক আলোচনার মাধ্যমে শ্রমিকদের একটি ন্যায়সংগত ও ভারসাম্যপূর্ণ ন্যূনতম মজুরি নির্ধারণের উদ্যোগ নিয়েছে, ঠিক তখনই একটি চিহ্নিত মহল গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
শ্রমিকদের বেতনের দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করার তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা জানান, কারখানায় হামলা, আগুন দেওয়া, পুলিশের গাড়ি বা বক্সে ভাঙচুর এবং সড়ক ও জনপদে সহিংসতার মতো ঘটনাগুলো কোনোভাবেই সাধারণ শ্রমিকদের স্বার্থের সঙ্গে যায় না। কারখানা ক্ষতিগ্রস্ত বা বন্ধ হলে দিনশেষে শ্রমিকদেরই বেকারত্ব ও চরম সংকটের মুখে পড়তে হবে বলে সতর্ক করেন তিনি।
উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানিয়ে শ্রমিকদের উদ্দেশে মাহদী আমিন জানান, শ্রমিকদের যৌক্তিক ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সরকার সবসময় পাশে রয়েছে। তবে আন্দোলনের নামে সন্ত্রাস, ভাঙচুর ও শিল্প ধ্বংসের চক্রান্ত কোনোভাবেই বরদাশত করা হবে না এবং এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
পোশাক খাতে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি শিল্পের সক্ষমতা, উৎপাদন ব্যয় এবং আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতার কথা মাথায় রেখেই মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে বলে পোস্টে উল্লেখ করেন তিনি।