বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সাইবার হামলার শিকার হয়েছে।
রবিবার (১ নভেম্বর) রাতে অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে চলে যায়।
বিসিবি সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ নেওয়ার পর হ্যাকাররা অ্যাকাউন্টটি থেকে বিভিন্ন খেলোয়াড়, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে অবৈধ ক্রিপ্টোকারেন্সি, বেটিং সাইট ও ফিশিং লিংকের মতো অননুমোদিত বার্তা পাঠাতে শুরু করে।
ঘটনার পরপরই বিসিবির পক্ষ থেকে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। বোর্ডের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে জানানো হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আসা কোনো ক্ষতিকর লিংকে ক্লিক করা বা ব্যক্তিগত তথ্য সরবরাহ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
বিসিবি জানিয়েছে, হ্যাক হওয়া অ্যাকাউন্টটি দ্রুত পুনরুদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করতে সাইবার নিরাপত্তা দল কাজ চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত আপডেট দেওয়া হবে।