চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির ধাক্কায় লোকাল বাস উল্টে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) এক ছাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড় ৯টার দিকে সীতাকুণ্ডের কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশ্ববিদ্যালয় ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম মাইশা মুশফিরাত। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।
সহপাঠীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী বিক্ষোভে ফেটে পড়েন। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের পাশাপাশি নিকটস্থ রেলপথের ওপর অবস্থান নেন। এতে ব্যস্ততম মহাসড়ক ও রেলপথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আন্দোলনের অংশ হিসেবে চার দফা দাবি উত্থাপন করেছেন।
দাবিগুলো হলো—
১. দুর্ঘটনায় জড়িত লরি ও বাসের চালক ও মালিককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা।
২. বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দ্রুত ফুটওভারব্রিজ ও গতি নিরোধক ব্যবস্থা নিশ্চিত করা।
৩. নিহত মাইশার পরিবার এবং আহত শিক্ষার্থীদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা।
৪. মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ ও বেপরোয়া গতির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া।
বার আউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শফিকুল ইসলাম শুভ জানান, ঢাকামুখী লেনে একটি প্রাইভেটকারকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় লরিটি। এ সময় রাস্তার বাম পাশে দাঁড়িয়ে থাকা মিনিবাসটিকে লরিটি ধাক্কা দিলে তা উল্টে যায়।