ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১০ জন।
চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৯ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৯০৯।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৯৪৩ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে।
এ ছাড়া চট্টগ্রামে ২৪৫, খুলনায় ২৩৫, রাজশাহী ও বরিশালে ২১৯ জন করে, ময়মনসিংহে ৬০, রংপুরে ৬৫ এবং সিলেটে ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের মধ্যে ৫ জন ঢাকা বিভাগের এবং একজন বরিশাল বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ৩ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪০ হাজার ৯০৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৯৪ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ৮৭৬ জন।