শেনজেন ভিসা নিয়ে সুইডেন দূতাবাসের নতুন নির্দেশনা

ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাস থেকে আর শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ করা হবে না। এছাড়া শেনজেন ভিসা-সংক্রান্ত কোনো তথ্য, নির্দেশনা বা সহায়তাও দেবে না দূতাবাসটি।

সোমবার (২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় ঢাকার সুইডেন দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শেনজেন ভিসা, ইনভাইটেশন লেটার, আপিল এবং নির্দিষ্ট কোনো আবেদন নিয়ে প্রশ্ন থাকলে এখন থেকে সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে। এ-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংস্থাটির ওয়েবসাইটে পাওয়া যাবে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শেনজেন ভিসা বিষয়ে কোনো ধরনের তথ্য বা সহায়তা দেওয়ার এখতিয়ার এখন আর তাদের নেই। এ কারণে ভিসা আবেদনকারী ও তাদের স্পন্সরদের এ-সংক্রান্ত সব প্রয়োজনে সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে।

শেনজেন ভিসা ইউরোপের ২৯টি দেশে স্বল্পমেয়াদে ভ্রমণের অনুমতি দেয়। এ ভিসায় ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন শেনজেনভুক্ত দেশগুলোতে অবস্থান করা যায়।