মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি: সিএমএইচে আহত সেনাসদস্যের মৃত্যু

কক্সবাজারের টেকনাফে “সশস্ত্র মানবপাচারকারীদের” সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলিতে এক সেনা সদস্য নিহত হয়েছেন। নিহত মো. তিতাস শেখ (২৭) বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক ছিলেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে। বার্তায় বলা হয়, টেকনাফের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে এ ঘটনা ঘটে।

আইএসপিআর জানায়, গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায়, ১৫-১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল গহীন পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে জিম্মি করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বিজিবি ও স্থানীয় পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ দল বিকাল ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়।

গোলাগুলির একপর্যায়ে সৈনিক তিতাস শেখ বাম কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং তার প্রচুর রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রামুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আইএসপিআর আরও জানায়, অভিযানে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি দেশীয় বন্দুক ও চারটি গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক এবং জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে।

তরুণ এ সেনা সদস্যের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে সেনাবাহিনী। একই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে তারা।