জামালপুর শহরে চুরির উদ্দেশ্যে এসে স্থানীয়দের ধাওয়ায় ডাব গাছে আশ্রয় নিয়ে বিপাকে পড়া এক যুবককে দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার চেষ্টার পর অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। গাছে নামার পর পুলিশি গ্রেপ্তারের ভয়ে ওই যুবক প্রথমে নিচে নামতে অস্বীকৃতি জানালেও শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের বুঝিয়ে শান্ত করার পর তিনি নিজেই গাছ থেকে নেমে আসেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে শহরের টিক্কাপট্টি এলাকায় এই অভিনব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই যুবক টিক্কাপট্টি এলাকায় চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাকে ধাওয়া দিলে প্রাণভয়ে তিনি দ্রুত একটি ডাব গাছে উঠে পড়েন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তিনি আর নিচে নামতে রাজি হননি।
পরে স্থানীয় লোকজন রাত ১০টার দিকে জাতীয় জরুরি সেবা ও ফায়ার সার্ভিসে খবর দেন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় আড়াই থেকে তিন ঘণ্টা ধরে ফায়ার সার্ভিস কর্মীরা তাঁকে নামানোর নানা কৌশল অবলম্বন করেন এবং টাকা দেওয়ার প্রলোভনসহ নানাভাবে আশ্বস্ত করার চেষ্টা করেন। তবে পুলিশের ভয়ে তিনি গাছ আঁকড়ে ধরে ওপরেই অবস্থান করেন। অবশেষে রাত সাড়ে ১২টার দিকে তিনি নিজেই গাছ থেকে নিচে নেমে আসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার রবিউল ইসলাম জানান, খবর পাওয়ার পরই তাঁদের দল ঘটনাস্থলে যায়। ওই যুবকের ধারণা ছিল, নিচে নামলেই পুলিশ তাঁকে ধরে নিয়ে যাবে; মূলত অতিরিক্ত ভয়ের কারণেই তিনি নামছিলেন না। দীর্ঘক্ষণ বুঝিয়ে শান্ত করার পর তিনি নিজেই গাছ থেকে নেমে আসেন। পুলিশি জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক প্রক্রিয়া শেষে তাঁকে সুস্থ অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে।