জামায়াতে ইসলামী ও মওদুদীবাদের ধর্মীয় চিন্তাধারার তীব্র সমালোচনা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও প্রবীণ আলেম আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি বলেছেন, "জামায়াতে ইসলামীর দ্বীন আমাদের দ্বীন নয়, জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়।"
শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসার ১০৪তম দুই দিনব্যাপী বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে সমাপনী বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, সাহাবায়ে কেরামের অনুসৃত পথই সিরাতুল মুস্তাকিম ও আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল আদর্শ, যা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। কোরআন ও হাদিসের আলোকে সাহাবায়ে কেরামের মাধ্যমেই ইসলামের মৌলিক শিক্ষা উম্মতের কাছে পৌঁছেছে। রাসুলুল্লাহ (সা.)-এর ভবিষ্যদ্বাণী অনুযায়ী উম্মতের মধ্যে ভ্রান্ত ফিরকার আবির্ভাব ঘটেছে উল্লেখ করে তিনি আরও বলেন, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হিসেবে অস্বীকার করলে দ্বীনের ধারাবাহিকতাই প্রশ্নের মুখে পড়ে।
জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদূদীর চিন্তাধারার সমালোচনা করে হেফাজত আমির বলেন, মওদুদী সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হিসেবে মানতে চাননি। তার বিভিন্ন বক্তব্য ইসলামের প্রচলিত আকিদা ও ধর্মীয় ব্যাখ্যার সঙ্গে সাংঘর্ষিক।
বৃহস্পতিবার শুরু হওয়া মাদরাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে সভাপতির দায়িত্ব পালন করেন আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, ভূমি প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দীন কাদের চৌধুরী, চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর ও চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীসহ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং দেশবরেণ্য আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।