বরিশালে গোপনে নারীদের ভিডিও ধারণের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে পিটুনি দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে বরিশালের উজিরপুর পৌর সদরের চৌরাস্তা টেম্পু স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত বায়েজিদ মিঠু ওই এলাকার বাসিন্দা ও উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।
প্রত্যক্ষদর্শীরা জানান, বায়েজিদ মিঠু গোপনে প্রতিবেশী এক নারীর ভিডিও ধারণের চেষ্টা করছিলেন। বিষয়টি ওই নারী টের পেয়ে চিৎকার করলে স্থানীয়রা তাকে আটক করেন। পরে তার মোবাইল ফোনে একাধিক নারীর গোপন ভিডিও পাওয়া যায়। এতে উত্তেজিত হয়ে লোকজন তাকে পিটুনি দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।