পাসপোর্ট সংশোধনের নামে প্রতারণা, জরুরি সতর্কবার্তা

পাসপোর্ট আবেদনের তথ্য সংশোধনের কথা বলে প্রতারক চক্রের পাঠানো ভুয়া এসএমএস, বার্তা ও লিংকের বিষয়ে দেশবাসীকে কঠোর সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে, পাসপোর্ট আবেদনের তথ্য সংশোধনের জন্য পাসপোর্ট অফিস থেকে কখনো মোবাইল ফোনে অর্থ লেনদেনসংক্রান্ত কোনো ধরনের মেসেজ বা লিংক পাঠানো হয় না।

রবিবার (৮ নভেম্বর) এসংক্রান্ত একটি সরকারি স্মারক জারি করে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

মহাপরিচালকের পক্ষে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ড. মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত ওই সতর্কবার্তায় বলা হয়, নির্ধারিত সরকারি ফি ব্যতিরেকে পাসপোর্টের কোনো কাজের জন্য আবেদনকারীদের অতিরিক্ত কোনো ধরনের আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকা উচিত।

প্রতারণা এড়াতে পাসপোর্ট আবেদনকারীদের অপরিচিত কোনো লিংকে ক্লিক না করার এবং অননুমোদিত মাধ্যমে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে অধিদপ্তর।