টাঙ্গাইলে শিক্ষার্থীদের যৌন নিপীড়ন, শিক্ষককে পুলিশে সোপর্দ

টাঙ্গাইলের মির্জাপুরে শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে পুলিশের হাতে সোপর্দ করেছে অভিভাবক ও স্থানীয়রা।

সোমবার (৯ নভেম্বর) উপজেলার নতুন কহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার শিক্ষক তপন সরকার ওই বিদ্যালয়ে ইংরেজি ও গণিত বিষয়ে পড়াতেন।

স্থানীয় ও অভিভাবকরা জানান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন সরকার দীর্ঘদিন ধরে কোমলমতি শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণ ও যৌন নিপীড়নে লিপ্ত ছিলেন। বিষয়টি ভুক্তভোগী শিক্ষার্থীরা সম্প্রতি তাদের অভিভাবকদের জানালে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে সোমবার অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ে ভিড় জমান এবং অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করেন। মুহূর্তের মধ্যে বিদ্যালয়ের চত্বরে শত শত মানুষ জড়ো হয়ে তীব্র প্রতিবাদ জানাতে শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে শিক্ষক তপন সরকার এক অভিনব কৌশল অবলম্বন করেন। জনরোষ থেকে বাঁচতে তিনি হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হওয়ার ভান করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষক তপন এমনভাবে নিস্তেজ হয়ে পড়েছিলেন যেন তিনি সত্যিই স্ট্রোক করেছেন বা জ্ঞান হারিয়েছেন। খবর পেয়ে থানা পুলিশ ও সহকারী শিক্ষা কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় ওই শিক্ষককে হেফাজতে নেওয়া হয়।

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কোমলমতি শিশুদের সুরক্ষার দায়িত্বে থাকা একজন শিক্ষকের এমন নৈতিকতাহীন আচরণে ফুঁসে উঠেছেন স্থানীয় ও অভিভাবকরা। তারা অবিলম্বে ওই শিক্ষকের কঠোর শাস্তি এবং চাকরি থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার শর্মিষ্ঠা রানী মজুমদার বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। অভিযুক্ত শিক্ষক লিখিত ও মৌখিকভাবে ঘটনাটির সঙ্গে সম্পৃক্ত বলে জানায়। শিক্ষা অফিস থেকে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ব্যাপারে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) দাদন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লিখিত অভিযোগের প্রেক্ষিতে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।