ঢাকার ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন লেগেছে। এ ঘটনায় স্টেশনটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি বলেন, “লাব্বাইক পরিবহনের বাসটিতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে। বাসটিতে যাত্রী ছিল, কিন্তু আমরা যখন কাজ শুরু করেছি তখন কেউ ছিল না।”
এদিকে, বাসে আগুন লাগার পরে ফার্মগেট মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়।
মেট্রোরেল কর্তৃপক্ষ এক বার্তায় বলেছে, “অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় স্টেশনটি চালু করে যাত্রীসেবা কার্যক্রম শুরু করা হবে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে একটি বাসে কয়েকজন দুর্বৃত্ত আগুন দেয়। পরে বাসের যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়েন। কয়েক মিনিটের মধ্যে পুরো বাসে আগুন ধরে যায়।