কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন 

গাজীপুরের কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চন্দ্রা এলাকার কাজলী সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় হঠাৎ বাসটির পেছনের অংশ থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়লে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। 

পরে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় বাসের মালিক আজাদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। 

কালিয়াকৈরে ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, মুঠোফোনে খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কিভাবে আগুনের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসে আগুনের ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রসঙ্গত, এর আগে সোমবার ভোরেও চন্দ্রা এলাকায় একই পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।