সুন্দরবন থেকে দস্যু নির্মূলের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌকা নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন জেলেরা।
সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি চলে। নৌকায় প্ল্যাকার্ড নিয়ে ও স্লোগান দিয়ে বিক্ষোভে অংশ নেন তারা। স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও নাগরিক সমাজের প্রতিনিধিরা কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
জেলেদের অভিযোগ, বনদস্যুদের তৎপরতার কারণে তারা বনে যেতে পারছেন না। বনে গেলে বিভিন্ন বাহিনীকে ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত চাঁদা দিতে হচ্ছে।
বক্তারা বলেন, সুন্দরবনে দস্যুদের ১২ থেকে ১৪টি বাহিনী এখনো সক্রিয়। চাঁদা না দিলে এসব বাহিনী বনে ঢুকতে দেয় না। যাদের চাঁদা দেওয়ার সামর্থ্য নেই, তাদের জীবিকার পথ বন্ধ হয়ে যাচ্ছে।
দস্যু নির্মূলের দাবিতে গত ২৮ অক্টোবর উপকূলের গাবুরা থেকে এ আন্দোলন শুরু হয়। পরে তা সুন্দরবন-ঘেঁষা উপকূলের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এর আগে মানববন্ধন, গণমিছিল, অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, এরপরও দস্যুদের তৎপরতা বন্ধ হয়নি।
দস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক সালাউদ্দিন লিটনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুজ্জামান, গাবুরা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব খায়রুল ইসলাম মিলন, গাবুরা ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি ইয়াসিন আরাফাত, ইউপি সদস্য জিএম আবিয়ার রহমান, ফরিদা পারভীন, আবদুর রহিম, খালিদ হোসেন ও পারুল আক্তার এবং জেলে বাবলুর রহমান, সবুর আলী, উমর ফারুক ও সাইফুল ইসলামসহ অনেকে।
আন্দোলনে অংশ নেওয়া জেলে বাবলুর রহমান বলেন, “দীর্ঘদিন আন্দোলন করেও কোনো ফল মিলছে না। প্রশাসনের দৃশ্যমান উদ্যোগ নেই। প্রতিদিনই কোনো না কোনো এলাকা থেকে মুক্তিপণের দাবিতে জেলেদের অপহরণ করছে বনদস্যুরা। আন্দোলনে নামার পর তাদের ভয় আরও বেড়েছে।“
জেলে সবুর আলী জানান, সুন্দরবনে যেতে না পেরে তারা দিনের পর দিন বেকার থাকছেন। বনে গেলে অপহরণের শঙ্কা, না গেলে পরিবার নিয়ে দুর্দশা। প্রশাসনকে বারবার জানিয়েও কার্যকর পদক্ষেপ দেখেননি বলে অভিযোগ তার।
জেলে উমর ফারুক বলেন, “সরকার বনদস্যু নির্মূল করতে না পারলে আমাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত। তা না হলে আমরা খাব কী? আমাদের আন্দোলনের ছবি তাদের কাছে পৌঁছে গেছে। ছবি দেখে দেখে আমাদের হুমকি দিচ্ছে। আমরা এখন কী করব, কিছুই বুঝতে পারছি না।”
গাবুরার ডুমুরিয়া এলাকার জেলে আতিয়ার রহমান গাজী জানান, তারা সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করেন। এখন বনে গেলে একদিকে চাঁদা দিতে হয়, অন্যদিকে অপহরণের ভয় থাকে। এত টাকা চাঁদা দিয়ে বনে গেলে সংসার চালানোর মতো আয় থাকে না।
জেলে আল-আমিন সরদার বলেন, “ঘরে বসে থাকলে চুলা জ্বলে না, আবার বনে গেলেও অপহরণের ভয় থাকে। পরিবারের সদস্যরা প্রতিদিন নিরাপদে ফিরে আসার অপেক্ষায় থাকেন। আমরা দয়া চাই না, নিরাপদে জঙ্গলে কাজ করার অধিকার চাই।”
বনদস্যু নির্মূল কমিটির সমন্বয়ক সালাউদ্দিন লিটন বলেন, “আন্দোলনের নবম দিনেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। দ্রুত অভিযান শুরু না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। সুন্দরবন দস্যুমুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।“
সমাবেশে শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবির জানান, দস্যু নির্মূলের দাবিতে তিনি বন ও পরিবেশমন্ত্রীর সঙ্গে দেখা করে জেলেদের দুর্দশার কথা তুলে ধরবেন।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, “জেলেদের দাবির সঙ্গে আমরা একমত। সুনির্দিষ্ট তথ্য পেলে বনদস্যুদের বিরুদ্ধে অভিযান চালাতে আমরা প্রস্তুত। কয়েকটি বাহিনী বনদস্যু নির্মূলে কাজ করছে এবং তাদের সঙ্গে যৌথ অভিযানেও বন বিভাগ প্রস্তুত।“
এর মধ্যে গত ৮ নভেম্বর সুন্দরবনে মাছ ধরতে গিয়ে মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে অপহরণ করেছে দস্যুরা। এ ঘটনায় বনজীবীদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে।