সাভার ও ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় ৪ মামলা, আটক ৮

ঢাকার সাভার ও পার্শ্ববর্তী ধামরাই উপজেলার পৃথক দুটি স্থানে দিবাগত রাতে ২টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মধ্যরাতে দাঁড় করিয়ে রাখা বাসে এসকল ঘটনার সময় যাত্রী বা অন্য কেউ না থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। 

এনিয়ে সাভার উপজেলার পৃথক স্থানে পরপর ৩ রাতে ৪ টি এবং পাশ্ববর্তী ধামরাই উপজেলার পৃথক স্থানে পরপর ৪ রাতে ৪ টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। এ সকল ঘটনায় পৃথক ৪ টি মামলায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার পুলিশ। 

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তারা জানান, সোমবার দিবাগত রাতে ২ টার দিকে উপজেলার উলাইলের ময়লার মোড় এলাকায় সাভার পরিবহনের একটি বাসে আগুন দেখতে পান কয়েক ব্যক্তি। পরে তারা সাভার ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। 

সাভার ফায়ার সার্ভিস  ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, “ঘটনাস্থলে ১৫ -২০ টি  বাস ছিলো। এরমধ্যে সাভার পরিবহনের বাসটিতে আগুনের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আমরাও মনে করছি ঘটনাটি নাশকতামূলক।” 

এরআগে গত রবিবার দিবাগত রাত ১ টার দিকে সাভারের গেন্ডা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেনের পাশের এসবি লিংক পরিবহনে এবং রাত ৪ টার দিকে সাভারের বলিয়ারপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামূখী লেনের পাশে ইতিহাস পরিবহনের  দাঁড় করিয়ে রাখা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

এছাড়া গত শনিবার দিবাগত রাত ৩ টার দিকে সাভার থানা স্ট্যান্ড এলাকায় ঢাকা- আরিচা মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। 

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন বলেন, “সাভারে বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি মামলা হয়েছে। গতকাল (সোমবার) রাতের বিভিন্ন সময়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।” 

এদিকে ধামরাই উপজেলার তিনটি পৃথক স্থানে গত ৪ রাতে ৪ টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তারা জানান, গতকাল সোমবার দিবগত রাত ১ টার দিকে ধামরাই উপজেলা ভূমি অফিসের সামনে ধামরাই থেকে সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে  (ডিইপিজেড) গার্মেন্টসের কর্মী পরিবহনের কাজে ব্যবহৃত হামজা ব্রাদার্স পরিবহনে আগুন লাগে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৩ টা ৩৫ মিনিটের আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলেন। 

হামজা ব্রাদার্স বাসের মালিক মো. লালন বলেন, “আমি নিজেই বাসটি চালাই। রাত সাড়ে ১১ টার দিকে পার্কিং করে বাসায় খেতে যাই। এরমধ্যে আগুন ধরাইয়া দিছে। কারা, কীভাবে দিছে জানি না।”

এরআগে গত রবিবার ভোর ৩টা ৪০ মিনিটের দিকে শরীফবাগ এলাকায় আফাজ উদ্দিন কলেজের সামনে ডি-লিংক পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ভোর ৪টা ২০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার শ্রীরামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের সার্ভিস লেনে দাঁড় করিয়ে রাখা গার্মেন্টস শ্রমিকদের আনা-নেয়ার কাজে ব্যবহৃত পল্লী সেবা নামের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ২ টা ১৫ মিনিটে বিষয়টি জানতে পারে ধামরাই ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ৩টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করেন। 

গত বৃহস্পতিবার দিবাগত রাত ২ টা ৩৫ মিনিটে ধামরাই থানা রোড এলাকায় মেরামতাধীন পাভেল পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩ টা ১০ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করেন। 

ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার আল-আমিন খান বলেন, গতকাল (সোমবার দিবাগত) রাত ১ টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে উপজেলা ভূমি অফিসের সামনে বাসে অগ্নিকাণ্ডের খবর পাই। দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে ২ টি ইউনিট ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলা হয়। ঘটনাগুলো নাশকতামূলক বলে মনে হচ্ছে৷ 

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, “ধামরাইয়ে বাসে অগ্নিকাণ্ডের ঘটনাগুলোতে ইতিমধ্যে দুটি মামলা হয়েছে। এছাড়া ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।”