পাবনার ভাঙ্গুড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করতে গিয়ে তার এক প্রতিবেশীকে আটকের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
সোমবার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার কৈডাঙা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এসময় তার প্রতিবেশী নরেশ বিশ্বাসকে আটক করে পুলিশ, পেশায় নাপিত ওই ব্যক্তিও একই গ্রামের বাসিন্দা। উপজেলার কলেজ পাড়া এলাকায় তার একটি সেলুন রয়েছে। পরে তাকে থানায় দায়ের থাকা একটি বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগের ভাঙ্গুড়া সদর ইউনিয়নের সভাপতি সুকেশ কুমার বিভিন্ন সময়ে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দলীয় কর্মসূচি পরিচালনা করে আসছিলেন। এসব কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করতেন তিনি।
সম্প্রতি দেশব্যাপী ছাত্রলীগের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে তাকে আটক করতে অভিযান চালায় পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সুকেশ পালিয়ে যান।
পুলিশ সূত্রে জানা যায়, সুকেশ ও নরেশ পাশাপাশি বাড়িতে বসবাস করেন। সুকেশ মাঝেমধ্যে নরেশের সদ্য নির্মিত বাড়িতে যাতায়াত করতেন। সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রলীগের এক নেতার অসুস্থতা উপলক্ষে ওই বাড়িতে সনাতনদের ধর্মীয় রীতিতে প্রার্থনার আয়োজন করা হয়। প্রার্থনার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ এর সূত্র ধরে বাড়িটির অবস্থান শনাক্ত করে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে সেখানে অভিযান চালানো হয়।
কলেজপাড়া নরেশের সেলুনের পাশের কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, নরেশ তার নিজের সেলুনের এক দশক ধরে নাপিতের কাজ করে আসছেন। তাকে তারা কখনো রাজনীতি করতে দেখেন নাই।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, “যেকোনো ধরনের নাশকতা ও নিষিদ্ধ কার্যক্রম প্রতিরোধে ভাঙ্গুড়া থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ফেসবুকে প্রচারিত সুকেশ কুমারের বিভিন্ন কর্মকাণ্ডের ভিডিও ফুটেজ যাচাই-বাছাই শেষে অভিযান পরিচালনা করা হয়।”
“তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সুকেশ পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ সময় তার সহযোগী নরেশকে আটক করে থানায় থাকা বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।”