খুলনা জেলার ৯টি থানা এলাকায় চলতি বছরের এ পর্যন্ত ৩৯টি হত্যাকাণ্ড হয়েছে। পুলিশ সহস্রাধিক আসামি গ্রেপ্তারও করেছে। কিন্তু পরিস্থিতি ক্রমেই অবনতি ঘটছে।
এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এবার বিশেষ সাঁড়াশি অভিযান বা ‘ব্লক রেইড’ অভিযানের পরিকল্পনা করছে পুলিশ।
খুলনা জেলা পুলিশ সুপার সরদার ওমর ফারুক বলেন, ‘‘যোগদানের পর থেকে এ পর্যন্ত খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে চেষ্টা চলছে। বিভিন্ন সময়ে অভিযান পরিচালিত হয়েছে। আগামিতে ব্লক রেইড অভিযানের পরিকল্পনা রয়েছে।’’
পাশাপাশি মোটরসাইকেল বিষয়ে অভিযান জোরদার করা হচ্ছে। বিভিন্ন থানা এলাকায় সমন্বিত অভিযান পরিচালিত হচ্ছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ আগস্ট থেকে ৯ নভেম্বর পর্যন্ত খুলনা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৩৫৯টি মামলায় ৫৭০ জন এবং গ্রেপ্তারি পরোয়ানা মূলে ৬২২ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ৯টি হত্যা মামলার মধ্যে রূপসা থানার আলোচিত মো. আব্দুর রহমান বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩৪) হত্যার রহস্য উদঘাটনসহ ৬ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ১টি দস্যুতা মামলার রহস্য উদঘাটনসহ ২ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তেরখাদা থানায় রুজুকৃত গণধর্ষণ মামলার রহস্য উদঘাটিত করে ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ৬টি ধর্ষণ মামলার প্রকৃত রহস্য উদঘাটন পূর্বক এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তার করা হয়েছে এবং ৩টি ধর্ষণ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
মাদকের ১২৬টি মামলায় ১৮০ জন আসামি গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয়েছে গাঁজা ১০ কেজি ৫৬৯ গ্রাম, গাঁজা গাছ ৭টি, ইয়াবা ট্যাবলেট-৩৬৩১ পিস, বিদেশি মদ- ৬ বোতল, মদের বোতল ১টি, দেশী মদ ৬ বোতল, চোলাই মদ ৫৩.৫০ লিটার ও নেশাজাতীয় সিরাপ ৪ বোতল। মামলা ৪টি অস্ত্র ও জিডি মূলে ২টি অস্ত্র উদ্ধার হয় (উদ্ধার ২টি সচল পিস্তল, কাটা রাইফেল ১টি ও ৪ রাউন্ড কার্তুজসহ ১টি), ১টি লোহার তৈরী দেশীয় ১ নলা ওয়ান শুটারগান ও ১০ রাউন্ড পিস্তলের গুলি, ৭.৬৫ মি.মি. লেখা, যাতে কার্তুজের খোসা ও ১টি পুরাতন রামদা। জিডি মুলে উদ্ধার হয় দেশীয় তৈরি একনালা বন্দুক ১টি ও ২ রাউন্ড তাজা লেড বুলেট। ৪টি অস্ত্র মামলায় ৫ জন আসামি গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে আরও জানা গেছে, জেলার ৯টি থানা এলাকায় এ পর্যন্ত ৩৯টি হত্যাকাণ্ড হয়েছে। ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ৩৬টি হত্যাকাণ্ডের ঘটনায় ৩৬টি মামলা হয়েছে। এসব মামলায় ৫১ জনের নাম উল্লেখ করে ৭৬ থেকে ৭৭ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন ২৯ জন।
মার্চে সবচেয়ে বেশি সাতটি হত্যাকাণ্ড ঘটেছে। এ ছাড়া জুলাইয়ে পাঁচটি, জানুয়ারি, এপ্রিল ও সেপ্টেম্বরে চারটি করে, মে ও অক্টোবরে তিনটি করে এবং ফেব্রুয়ারি, জুন ও আগস্টে দুটি করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এছাড়া নভেম্বরের প্রথম পাঁচ দিনেও তিনটি হত্যাকাণ্ড হয়েছে। থানাভিত্তিক হিসাবে রূপসায় সবচেয়ে বেশি ১২ জন নিহত হয়েছেন। পাশাপাশি দিঘলিয়ায় পাঁচজন, পাইকগাছায় পাঁচজন, কয়রায় পাঁচজন, তেরখাদায় দুজন, ডুমুরিয়ায় তিনজন, বটিয়াঘাটায় তিনজন এবং ফুলতলায় একজন নিহত হয়েছেন। তবে দাকোপে কোনও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি।
জেলা পুলিশ জানায়, এই সময়ে বিভিন্ন অভিযানে সাতটি একনলা বন্দুক, সাতটি পাইপগান, একটি দোনলা বন্দুক, পাঁচটি ওয়ান শুটারগান, পাঁচটি পিস্তল ও একটি রিভলভার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৭৫ রাউন্ড বন্দুকের কার্তুজ, ১০টি কার্তুজের খোসা, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড লেট বুলেট, ৬০ রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি লোহার হাতুড়ি, চাইনিজ কুড়ালসদৃশ পাঁচটি লোহার বস্তু, একটি ধারালো হাসুয়া, সাতটি কাঠের হকিস্টিক ও একটি পুরোনো রামদা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ১৯টি মামলায় ৩৯ জনকে আসামি করা হয়েছে।
জেলা পুলিশের হিসাবে, খুলনায় ২০২১ সালে ৩০টি, ২০২২ সালে ২২টি, ২০২৩ সালে ২১টি, ২০২৪ সালে ৩১টি এবং ২০২৫ সালে ৪৯টি হত্যা মামলা হয়েছিল।