ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাবেক সেনা সদস্য নিহত, আহত ১

লালমনিরহাটের আদিতমারীতে মোটরবাইকে ট্রাকের ধাক্কায় পিপলু মিয়া নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। ঘটনায় তার সঙ্গী আমিনুল ইসলাম গুরুতর আহত হয়ে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মমিনের গ্যারেজ এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পিপলু মিয়া কসালতলা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় পিপলু মিয়া ও আমিনুল ইসলাম মোটরবাইকে করে মহাসড়ক ধরে আদিতমারী রেল স্টেশনের দিকে যাচ্ছিলেন। এ সময় বুড়িমারীগামী একটি ড্রাম ট্রাক তাদের ধাক্কা দিলে পিপলু মিয়া ট্রাকের নিচে চলে যান এবং পেছনের চাকায় পিষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের উপসহকারী মেডিকেল অফিসার আরিফুল ইসলাম জানান, পিপলু মিয়ার কোমরের নিচের অংশ থেতলে গিয়েছিল। হাসপাতালে আনার পরই তাকে মৃত ঘোষণা করা হয়। আহত আমিনুল ইসলামের অবস্থাও গুরুতর বলে জানান তিনি।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ড্রাম ট্রাকটি চালক ও তার সহযোগীসহ আটক করা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।