জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কের আন্তালিয়া যাওয়ার পথে দেশটির ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে তিনি আন্তালিয়ার উদ্দেশে রওনা হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। এর আগে একই দিন সকাল সাড়ে ৭টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছিলেন তিনি।
ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে ভিভিআইপি মর্যাদায় বিমানবন্দরের ভেতরে রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ইস্তাম্বুল বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম. ইলকের হাকতানকাচমাজ।
ইস্তাম্বুল বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টার যাত্রাবিরতি শেষে টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে দুপুর ২টা ৫৫ মিনিটে সম্মেলনের মূল ভেন্যু আন্তালিয়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
আগামীকাল বুধবার (১১ নভেম্বর) জলবায়ু সম্মেলনের বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া এই সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।