ছাত্রলীগের মিছিলের পর সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-ভাঙচুর

নেত্রকোনার মোহনগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মোট ছয়টি বাসাবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই রাতে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তনগর ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনের একটি বগিতেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৯ নভেম্বর) পরপর এসব নাশকতামূলক ঘটনায় পুরো শহরজুড়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর একটি ঝটিকা মশাল মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদ আল নূর সমাপ্ত নিজের আইডি থেকে ভিডিওটি পোস্ট করার পর তা দলীয় গ্রুপ ও বিভিন্ন আইডিতে ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পরই রাত ১০টার দিকে পৌরশহরের দৌলতপুর, টেংগাপাড়া ও মাইলোড়া এলাকায় এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

হামলা ও ভাঙচুরের বিষয়ে জানতে লতিফুর রহমান রতন ও তার ভাই সুলতান আহমেদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়। তবে নিজের ফেসবুক আইডিতে ভাঙচুরের ছবি প্রকাশ করে লতিফুর রহমান রতন লেখেন, সারা জীবন সাহিত্য, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন। শুধু আওয়ামী লীগ করার কারণে তার বাসায় তিনবার হামলা ও লুটপাট করা হয়েছে। এবার ঘরের আসবাবপত্র, স্বর্ণালংকার ও টাকাপয়সাসহ কিছুই অবশিষ্ট রাখা হয়নি। এ ধরনের সন্ত্রাস, লুটপাট ও হানাহানি কোনো রাজনৈতিক দলের জন্যই শুভ লক্ষণ নয় বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, যুবলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম মামুন এ ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

বাসাবাড়িতে হামলার ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা বিএনপিকে দায়ী করলেও তা সম্পূর্ণ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন। তিনি বলেন, “কে বা কারা এই হামলা ও ভাঙচুর চালিয়েছে, তা আমাদের জানা নেই। তবে আমাদের দল বা এর অঙ্গসংগঠনের কেউ এ কাজের সঙ্গে যুক্ত নয়।”

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম জানান, ট্রেনে আগুন দেওয়ার বিষয়টি রেলওয়ে পুলিশ দেখছে। এছাড়া সোমবার রাতে মশাল মিছিলের ভিডিও প্রকাশের পর পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। বাসাবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।