নারায়ণগঞ্জের ফতুল্লার জামিয়া আশরাফিয়া মাদ্রাসাটিতে ছিল না কোনো অগ্নিনিরাপত্তার ব্যবস্থা। এমনকি আগুন নেভানোর জন্য একটি অগ্নিনির্বাপণ যন্ত্রও ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (১০ নভেম্বর) কাঁচপুর মডেল ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, “মাদ্রাসার কোথাও অগ্নিনিরাপত্তার ব্যবস্থা আমরা দেখতে পাইনি। এমনকি অগ্নিনির্বাপণ যন্ত্রও ছিল না। কিন্তু ভবনটির পাশেই পানি স্টোরেজ থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে তেমন বেগ পেতে হয়নি।”
মাদ্রাসাটির নায়েমে মোহতামিম (ভাইস প্রিন্সিপাল) আতিকুর রহমান বলেন, ‘‘আগে কখনো এমন ঘটনার সম্মুখীন তারা হননি। এ কারণে অগ্নিনিরাপত্তার ব্যবস্থা নিয়ে তারা খুব একটা ভাবেননি।’’
মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) রাত ২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অগ্নিনির্বাপণে কাজ শুরু করে এবং আধ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন পুরোপুরি নেভে ভোর পৌনে ৪টার দিকে।
আগুনে সরাসরি কেউ দগ্ধ না হলেও তাপ ও তীব্র ধোঁয়ার কারণে বেশ কয়েকজন ছাত্র অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে ৮৮ জনকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। তাদের মধ্যে ৫৩ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
এখন ৩৫ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে বলে জানান হাসপাতালের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার।