রাজধানীর শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসের পাশে ৬টি ককটেল উদ্ধার

রাজধানীর উত্তর শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসের পাশের ঝিলপাড় এলাকা থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে এক পথচারীর দেওয়া তথ্যের ভিত্তিতে এসব ককটেল উদ্ধার করা হয়। রাতে এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার (ইন্ট অ্যান্ড মিডিয়া) মো. মেহেদী ইমরান সিদ্দিকী এ তথ্য জানান।

তিনি বলেন, “ঝিলপাড় এলাকায় একটি পরিত্যক্ত বস্তার ভেতরে বোমাসদৃশ বস্তু দেখতে পান এক পথচারী। তিনি বিষয়টি এসআরবিকে জানালে এসআরবি-৩ এর একটি দল ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এলাকাটি ঘিরে সতর্কতার সঙ্গে তল্লাশি চালিয়ে বস্তার ভেতর থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের তত্ত্বাবধানে ককটেলগুলো নিরাপদে ধ্বংস করা হয়।“

মেহেদী ইমরান আরও জানান, ককটেলগুলো কারা এবং কী উদ্দেশ্যে সেখানে রেখেছিল, তা জানতে গোয়েন্দা অনুসন্ধান ও তদন্ত চলছে। এ ঘটনায় শাহজাহানপুর থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।