দিনদুপুরে রাজধানীতে বিসিএস পরীক্ষার্থীকে চাপাতি দিয়ে কুপিয়ে ছিনতাই

রাজধানীর মোহাম্মদপুরে দিনদুপুরে এক বিসিএস পরীক্ষার্থীকে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা আড়াইটার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের আল্লাহ করিম মসজিদের একটু সামনে ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। আহত মোহাম্মদ তানভীর রহমানকে (২৯) পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান এ তথ্য জানান।

তানভীর ৪৩তম বিসিএসে নন-ক্যাডার পদে উত্তীর্ণ হয়ে চূড়ান্ত সুপারিশের অপেক্ষায় আছেন। পাশাপাশি তিনি পরবর্তী বিসিএসের প্রস্তুতিও নিচ্ছিলেন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করা তানভীরের বাড়ি কেরানীগঞ্জের আটিবাজারে।

ঢামেকে তানভীরের বড় ভাই হাসান সরকার বলেন, “বিসিএসের প্রস্তুতি ও পড়াশোনা নিয়ে আলোচনা করতে আটিবাজার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাচ্ছিলেন তানভীর। পথে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন।“

আহতের বরাত দিয়ে পরিদর্শক হাবিবুর রহমান জানান, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে পৌঁছালে তিন-চার জনের একটি ছিনতাইকারী দল তানভীরের পথরোধ করে। মোবাইল ফোন ও ওয়ালেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় ছিনতাইকারীরা চাপাতি দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। ডান হাত ও পিঠে একাধিক আঘাত পেয়ে তানভীর মাটিতে লুটিয়ে পড়লে ছিনতাইকারীরা তার আইফোন ১৬ প্রো ম্যাক্স ও মানিব্যাগে থাকা প্রায় ছয়-সাত হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে বেলা ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি বর্তমানে জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

ছিনতাইয়ের ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করবেন বলে জানিয়েছেন তানভীরের ভাই।