গাজীপুরের কালিয়াকৈরে উড়াল সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় শিশু সন্তানসহ বাবা-মা নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সফিপুর উড়াল সড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোরশেদ জানান, দুপুর আড়াইটার দিকে সফিপুর উড়াল সড়কের উপর দুর্ঘটনার খবর পান পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে দেখেন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে একটি শিশুসহ একজন পুরুষ ও একজন নারীর মরদেহ পড়ে আছে। ধারনা করা হচ্ছে, পুরুষ ও নারী স্বামী-স্ত্রী এবং শিশু তাদের সন্তান। তবে কিভাবে মোটরসাইকেলটি দুর্ঘটনা ঘটলো তা জানা যায়নি।
উড়াল সড়কে সিসি ক্যামেরা না থাকায় দুর্ঘটনার কারণ জানাতে পারেননি তিনি। কোনো প্রত্যক্ষদর্শীও পাওয়া যায়নি।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি গুরুত্ব দিয়ে স্থানে তদন্ত করা হচ্ছে। মোটরসাইকেলটি কিভাবে দুর্ঘটনার শিকার হয়েছে তথ্য উদঘাটনে হচ্ছে। নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।