ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইরে স্থাপিত জুলাই আন্দোলনে নিহত মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছে।
স্মৃতিস্তম্ভে থাকা মীর মুগ্ধর মুখাবয়বের বেশিরভাগ অংশ ও নাম মুছে ফেলা হয়েছে। এর আগেও একইভাবে স্মৃতিস্তম্ভটি বিকৃত করা হয়েছিল।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে স্মৃতিস্তম্ভটিতে কালি লেপে দেওয়ার বিষয়টি নজরে আসে।
স্থানীয় বাসিন্দা ও যুবদল নেতা মো. উজ্জ্বল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগেও একই ধরনের ঘটনা ঘটানো হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস জানান, স্মৃতিস্তম্ভে কালি লেপে দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। কীভাবে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানার চেষ্টা চলছে।
প্রসঙ্গত, ২০২৫ সালের ২৫ নভেম্বর চিনাইরে মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে একইভাবে কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছিল। তবে কে বা কারা এটা করেছিল সেটা তখনও নিশ্চিত হওয়া যায়নি।