‘ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’ বলা মৎস্যজীবী দল নেতার ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেনের বিরুদ্ধে একটি বিরিয়ানির দোকানের ম্যানেজারকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে সেই ভিডিও ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন একটি বিরিয়ানির দোকানে প্রবেশ করে উত্তেজিত অবস্থায় বলছেন, ‘আমি ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’। এ সময় তার আশেপাশে বেশ কয়েকজন ব্যক্তিকে দেখা যায়।

জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ফতুল্লার মাসদাইর বাজার এলাকায় আল্লাহর দান বিরিয়ানি হাউজ নামে দোকানে খাবারের মূল্য পরিশোধ নিয়ে এক নারী ক্রেতার সঙ্গে প্রতিষ্ঠানের ম্যানেজার খোকন মিয়ার কথা কাটাকাটি হয়। এর জের ধরে ওই নারী পরে মৎস্যজীবী দল নেতা এইচ এম হোসেনকে নিয়ে দোকানে প্রবেশ করেন। এ সময় ম্যানেজার খোকনের সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এর এক পর্যায়ে জেলা মৎস্যজীবী দলের সভাপতি হোসেন তাকে গুলি করার হুমকি দেন।

নাম প্রকাশ না করার শর্তে বিরিয়ানির দোকানের এক কর্মচারী জানান, এক নারী চার প্যাকেট বিরিয়ানি নিতে আসেন। তিনি টাকা না দিয়েই মূল্য পরিশোধ করেছেন দাবি করে খাবার নিতে চান। ম্যানেজার খাবার দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বচসা হয়। পরে ওই নারী মৎস্যজীবী দলের নেতা এইচ এম হোসেনসহ কয়েকজনকে নিয়ে দোকানে আসেন। এ সময় ম্যানেজারকে গুলি করে হত্যার হুমকি দেন হোসেন।

এ বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি ভুক্তভোগী ম্যানেজার খোকন মিয়া। এদিকে, অভিযুক্ত জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেনকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, “ভিডিওটি আমরা যাচাই বাছাই করে দেখছি। ভিডিওটি সঠিক হয়ে থাকে সেক্ষেত্রে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, “ভিডিওতে গুলি করার হুমকি দেওয়া হয়েছে। তবে কোন অস্ত্র প্রদর্শন করা হয়নি। এরপরও অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”