ডেঙ্গু কেড়ে নিলো আরও ৩ প্রাণ, হাসপাতালে ১,৯৬০ 

সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আরও ১ হাজার ৯৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮১ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৫৭,৬২৮ জন। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে ঢাকা বিভাগে একজন, ময়মনসিংহ বিভাগে একজন এবং রাজশাহী বিভাগে একজন রয়েছেন। 

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নতুন ভর্তি হওয়া ১ হাজার ৯৬০ জন রোগীর মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এই বিভাগে নতুন করে ৯২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ২০৩ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৯৯ জন (সর্বমোট ৩০২ জন) ভর্তি হয়েছেন। ঢাকা মহানগরের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ভর্তি হয়েছেন ৬২২ জন।

বর্তমানে সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫ হাজার ৯১৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১ হাজার ৩৩৮ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৪ হাজার ৫৭৭ জন রোগী ভর্তি আছেন। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ লাখ ৫৭ হাজার ৬২৮ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫১ হাজার ২৩২ জন।