কুষ্টিয়ায় সংসদ সদস্য মুফতি আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন নারীরা। আমির হামজা কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের পাঁচ রাস্তার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে শতাধিক নারী অংশ নেন। এ সময় ‘নারী লিপ্সু, চরিত্রহীন, মিথ্যাবাদী ও লম্পটের বিচার চাই’ এবং ‘আমির হামজার দুই গালে, জুতা মারো তালে তালে’সহ বিভিন্ন স্লোগান দেন নারীরা।
সমাবেশে বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে মুফতি আমির হামজার কাছ থেকে নারীদের প্রতি সম্মানজনক আচরণ প্রত্যাশিত। কিন্তু বিভিন্ন সময়ে ওয়াজ মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানে নারীদের নিয়ে তার বক্তব্য ও মন্তব্য অসম্মানজনক। এসব বক্তব্য নারীদের মর্যাদা ও সম্মানকে ক্ষুণ্ণ করছে। নারীদের নিয়ে এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ সময় সংসদ সদস্য হিসেবে তার পদত্যাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। একইসঙ্গে নারীদের নিয়ে অসম্মানজনক বক্তব্যের প্রতিবাদে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেওয়া হয়।