যশোরে দুই আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে আকস্মিক এই হামলায় কেউ হতাহত হননি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সহকারি জজ আদালত ও সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এদিকে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। লালদিঘির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে করে এসে কয়েকজন দুর্বৃত্ত চলন্ত অবস্থায় শহরের মুজিব সড়কে অবস্থিত সহকারি জজ আদালতের দেয়ালে পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। একটি আদালতের ভিতরে ও অন্যটি আদালতের প্রাচীরে বিস্ফোরিত হয়।
এর পরেই দুর্বৃত্তরা ৫০০ মিটার দূরে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। দুই স্থানেই বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ধোঁয়ার সৃষ্টি করে।
দুই মিনিট পর পর শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন আইনশৃঙ্খলা বাহিনির সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনী বিস্ফোরিত ককটেলের নমুনা সংরক্ষণ করেছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, “শহরের স্পর্শকাতর জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুবৃর্ত্তরা। পুলিশ ও ডিবি ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। আকস্মিক ঘটনার পরপরই আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোটরসাইকেল আরোহী হামলাকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে থানা ও গোয়েন্দা পুলিশের একাধিক দল আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ অভিযানে নেমেছে।”
এদিকে ককটেল বিস্ফোরণের ঘটনাস্থলে আসেন যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনছারুল হক রানা, ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পীসহ নেতাকর্মীরা। এসময় তারা অভিযোগ করেন দুটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ বলেন, “পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্তিপ্রিয় যশোরকে অশান্ত করতে চাইছে। যারা এভাবে আশান্ত করতে চাইছে যুবদল স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের কঠোরভাবে প্রতিহত করবে।”