জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ‘গ্রিন ক্লাইমেট ফান্ড’ (জিসিএফ) থেকে প্রথমবারের মতো অর্থায়ন পেতে যাচ্ছে বাংলাদেশসহ ছয়টি দেশ। এ তহবিল থেকে বাংলাদেশের উপকূলীয় এলাকার মানুষের জন্য বরাদ্দ দেওয়া হবে ৩ কোটি মার্কিন ডলার।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় তুরস্কের আনতালি এক্সপো সিটিতে বাংলাদেশ প্যাভিলিয়নে সাংবাদিকদের এ তথ্য জানান জলবায়ু ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. সাইমুম রেজাও উপস্থিত ছিলেন।
শেখ ফরিদুল ইসলাম বলেন, “জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন ও অনুদান পাওয়া অত্যন্ত জরুরি। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় এসব দেশের জন্য পর্যাপ্ত অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করতে হবে।”
তিনি উন্নত দেশ এবং বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের জলবায়ু অভিযোজন খাতে অর্থের পরিমাণ বাড়ানোর আহ্বান জানান। একইসঙ্গে জলবায়ুতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়নের সুযোগ সম্প্রসারণের দাবি জানান।
এর আগে বুধবার বিকেলে তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-৩১) বাংলাদেশ প্যাভিলিয়নে ‘বাংলাদেশে জলবায়ু অভিযোজন: জাতীয় সাফল্য থেকে বৈশ্বিক পর্যায়ে সম্প্রসারণ’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যৌথভাবে বাংলাদেশ প্যাভিলিয়নে আরও কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করে।
পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, “জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ। এরপরও দুর্যোগের ঝুঁকি কমানো, আগাম সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তোলা, স্থানীয় পর্যায়ে অভিযোজন এবং নিজস্ব অর্থায়নে জলবায়ু কার্যক্রম বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন করেছে। পাশাপাশি ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের জলবায়ুসংশ্লিষ্ট ব্যয় চিহ্নিত করার ব্যবস্থাও চালু করেছে।”
দেশের মোট অভিযোজন ব্যয়ের প্রায় ৮৮% জাতীয় বাজেট থেকে নির্বাহ করা হয় উল্লেখ করে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এটি বাংলাদেশের নিজস্ব অঙ্গীকার ও প্রচেষ্টার প্রতিফলন।”
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, সম্মেলনকে ঘিরে দুটি মন্ত্রণালয়ের মধ্যে একাধিক আন্তমন্ত্রণালয় বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির বিষয়টি তুলে ধরেছেন।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বৈঠকগুলো ফলপ্রসূ হয়েছে। সেখানে পাটজাত পণ্য নিয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা।
প্রধানমন্ত্রীর সহধর্মিণী জোবাইদা রহমানও তুরস্কের প্রেসিডেন্টের স্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বলে জানান শামা ওবায়েদ।
অনুষ্ঠানে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল বলেন, “বাংলাদেশের ক্ষেত্রে জলবায়ু অভিযোজন ও উন্নয়ন একে অপরের সঙ্গে সম্পর্কিত। কার্যকর অভিযোজন ব্যবস্থা ছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অগ্রগতি ধরে রাখা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ ঘটলেও বাংলাদেশের জলবায়ু ঝুঁকি কমবে না। এ কারণে অভিযোজন খাতে অর্থায়নে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখা জরুরি।”
এছাড়া অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন অনুবিভাগ) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ বাংলাদেশের জলবায়ু অভিযোজন কার্যক্রমের অর্জন ও ভবিষ্যৎ অগ্রাধিকার তুলে ধরেন।