শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়ার অন্তত ৪০ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী এসব কারখানা বন্ধ রাখা হয়েছে।
এ ধারায় কারখানা বন্ধের ক্ষেত্রে ‘নো ওয়ার্ক, নো পে’ নীতি কার্যকর থাকে। অর্থাৎ, বন্ধের সময় শ্রমিকরা কোনো মজুরি পান না। এদিকে শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় আজও পাঁচ থেকে ছয়টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শনিবার (১৪ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া।
তিনি জানান, শ্রমিক অসন্তোষের কারণে সাভার ও আশুলিয়ার অন্তত ৪০টি পোশাক কারখানা শ্রম আইনের ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। এছাড়া শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় আরও পাঁচ থেকে ছয়টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে আজ শিল্পাঞ্চলের কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, “শ্রম আইনের ১৩ (১) ধারায় কারখানা বন্ধ ঘোষণা করা হলে শ্রমিকদের মধ্যে ক্ষোভ আরও বাড়তে পারে।”
তার মতে, এ ধারার প্রয়োগ শ্রমিক আন্দোলনকে আরও উসকে দিতে পারে।