আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর আপিল করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি স্পষ্ট করে বলেছেন, শেখ হাসিনার বাবার প্রণীত আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন অনুযায়ীই নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে হয়, যা সবার ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য।
শনিবার (১৪ নভেম্বর) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে আপিলের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সেই সময়সীমা পার হয়ে গেলে আইন অনুযায়ী আর আপিলের সুযোগ থাকে না। এটি শেখ হাসিনার বাবার প্রণীত আইন এবং এর বিধান সবার ক্ষেত্রেই প্রযোজ্য।
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারার উপধারা (১) অনুযায়ী, ট্রাইব্যুনালে দণ্ডিত ব্যক্তি দণ্ড ও দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে পারেন। তবে উপধারা (৩) অনুযায়ী, দণ্ডাদেশ বা সাজা ঘোষণার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আপিল দাখিল করতে হয়। নির্ধারিত সময় পার হওয়ার পর আপিল করার সুযোগ শেষ হয়ে যায়। ২০১৩ সালের সংশোধনীর মাধ্যমে এই বিধান যুক্ত করা হয়।
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর নির্ধারিত ৩০ দিনের মধ্যে শেখ হাসিনা আপিল না করায় এবং বর্তমানে তিনি ভারতে অবস্থান করায় আইনি সেই সময়সীমা এরই মধ্যে পার হয়ে গেছে। এর আগে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামও গণমাধ্যমকে জানিয়েছেন যে, ৩০ দিনের মধ্যে আপিল না করায় শেখ হাসিনার আপিলের আইনি সুযোগ শেষ হয়ে গেছে।